খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুলের মৃত মংমং মারমার ছেলে এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা পার্শ্ববর্তী ফেনী নদীতে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করেন। অংথৈইপ্রু মারমার ছেলে থৈঅংগ মারমা জানান, গত ১৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ফেনী নদীতে খোঁজাখুঁজি করে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, অংথৈইপ্রু মারমার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, এ বিষয়ে বিজিবি সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

No comments:
Post a Comment