রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় মনিরুজ্জামান শান্ত প্রকাশ্যে তাকে ধর্ষণের হুমকি দেন। পরদিন রোববার সকালে তিনি বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় মনিরুজ্জামান শান্ত, তার ভাই মো. শুভসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান শান্ত দাবি করেন, তিনি কোনো হুমকি দেননি। গ্যারেজে পার্কিংয়ের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল বিবৃতি দিয়ে অভিযোগটিকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে নিন্দা জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক মীর তারেক ও সদস্যসচিব আসাদুজ্জামান জনির পক্ষে জ্যেষ্ঠ সদস্য সৈকত পারভেজ স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট দাবি করা হয়।
এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজার মণ্ডপে হামলার অভিযোগেও মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় শান্তসহ ১০ জনকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাটি করেছিলেন হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা।
মণ্ডপে হামলার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বর্তমান মামলার বিষয়ে বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন চালু থাকলেও অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বলে তিনি জানান।
তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তরুণীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

No comments:
Post a Comment