বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, September 18, 2026

বান্ডেল হরিজন কলোনিতে চার এতিম শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ, সহায়তার আকুল আবেদন

চট্টগ্রাম সদরের বান্ডেল হরিজন কলোনিতে এক হতদরিদ্র পরিবারের মা ছবি রানী দাশের মৃত্যুতে চার এতিম শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মাথার ওপর থেকে মায়ের ছায়া মুছে গেছে, আর বাবা বন্দি আছেন কারাগারে। চরম অর্থসংকট ও অনাহার-অর্ধাহারের মানসিক আঘাতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর ইস্যুকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় প্রায় পাঁচ মাস আগে হরিজন সম্প্রদায়ের লালা দাশকে গ্রেপ্তার করে প্রশাসন। লালা দাশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি কারাগারে বন্দি হওয়ার পর পরিবারে নেমে আসে চরম দুর্দিন।

পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ছবি রানী দাশ আর্থিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। স্বামীর মুক্তির আশায় দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে এবং অনাহার-অর্ধাহারে দিন কাটাতে কাটাতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

মৃত ছবি রানী দাশ ও কারাবন্দি লালা দাশ দম্পতির চার সন্তান রয়েছে। এর মধ্যে দুই মেয়ের বয়স যথাক্রমে ৫ ও ৭ বছর এবং দুই ছেলের বয়স ১৫ ও ১৮ বছর। বাবা কারাগারে এবং মা মৃত্যুবরণ করায় এই চার সন্তানের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত।

সহযোগিতার আকুল আবেদন

অসহায় এই পরিবারের চার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা এবং তাদের মায়ের শ্রাদ্ধের খরচ মেটানোর জন্য ‘হরিজন সারাক্ষণ’ একটি জরুরি ফান্ড গঠন করেছে। পরিবারের সদস্যরা বয়সে অল্প হওয়ায় এবং তাদের নিজস্ব কোনো বিকাশ বা নগদ অ্যাকাউন্ট না থাকায় ‘হরিজন সারাক্ষণ’ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই তহবিল সংগ্রহ করছে।

সমাজের হৃদয়বান ব্যক্তি ও দেশ-বিদেশের বিত্তবান মানুষদের এই বিপন্ন পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে সংগৃহীত প্রতিটি অনুদান সরাসরি এই ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট পৌঁছে দেওয়া হবে।

সহযোগিতা পাঠানোর মাধ্যম: (হরিজন সারাক্ষণ)
বিকাশ: ০১৭৪৪৪০৬৭৩৮
নগদ: ০১৩৪১৮৩৩৯৪৪

‘হরিজন সারাক্ষণ’-এর প্রতি আস্থা রেখেই কেবল সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। সহযোগিতা পাঠানোর পর ‘হরিজন সারাক্ষণ’-এর নিউজ পেজের কমেন্ট বক্সে আপনার লেনদেনের তথ্যটি জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আসুন, এই অসহায় শিশুগুলোর পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিই।


 

No comments:

Post a Comment

"
"