বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, September 22, 2026

কেরানীগঞ্জে দুই যুবককে গুলি করে ২০–২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ


ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর বাজার এলাকায় দুই যুবককে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন ২৫ বছর বয়সী অন্তর সরকার ও তাঁর পিসতুতো ভাই ২০ বছর বয়সী রাজিব সরকার। তাঁদের দুজনের পায়েই গুলি লেগেছে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।

আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারির দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করার পর তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।

তাঁর ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হযরতপুর এলাকায় তিনটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি এবং একটি সিএনজি অটোরিকশায় থাকা আরও কয়েকজন তাঁদের অটোরিকশার পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা গুলি চালালে অন্তর ও রাজিব পায়ে গুলিবিদ্ধ হন।

অন্তর সরকারের অভিযোগ, এ সময় দুর্বৃত্তরা তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবাক্স নিয়ে যায়। ওই বাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অন্তর ও রাজিবকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর হযরতপুর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে ছিনতাইয়ের ঘটনায় কারা জড়িত এবং প্রকৃতপক্ষে কত পরিমাণ স্বর্ণালংকার বা নগদ টাকা খোয়া গেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

 

No comments:

Post a Comment

"
"