বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, April 12, 2026

ভর্তি পরীক্ষায় কৃতিত্ব, তবু অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়া অনিশ্চিত শুভর

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সি ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দশম হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী শুভ কুমার শীল। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ৪০৪তম এবং বি ইউনিটে ৪৪২তম স্থান অর্জন করেছেন তিনি। তবে অর্থাভাবে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রতিকূলতা পেরিয়েই এ সাফল্য পেয়েছেন শুভ। ‘নাজাল অবস্ট্রাকশন’ নামের জটিল রোগে ভুগেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। দীর্ঘদিন ধরে নাক দিয়ে শ্বাস নিতে না পেরে মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে তাকে। চিকিৎসকদের মতে, নাকের ভেতরের হাড় বাঁকা হয়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে এবং পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা শুভর বাবা নারায়ণ কুমার শীল পেশায় নাপিত। তার আয়েই চার সদস্যের সংসার চলে। মা গৃহিণী এবং বড় ভাই বেকার। আর্থিক সংকটের কারণে বড় ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেলেও শুভ টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন।
তিনি ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৪.৬১ এবং ২০২৪ সালে এইচএসসিতে জিপিএ ৪.০৮ অর্জন করেন। অর্থাভাবে নিয়মিত কোচিং করতে না পারলেও বন্ধুদের সহায়তায় পড়াশোনা চালিয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফল করেন।
শুভ জানান, পরিবারের সীমিত আয়ের কারণে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ জোগানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। অতীতে এক আত্মীয়ের সহায়তা পেলেও বর্তমানে সেই সহায়তাও বন্ধ হয়ে গেছে। যাতায়াত খরচের অভাবে নিয়মিত কলেজে যেতেও সমস্যায় পড়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করে ভবিষ্যতে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন শুভ। তবে বর্তমান আর্থিক সংকট কাটাতে না পারলে সেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।


 

No comments:

Post a Comment

"
"