বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে নুর নবী সরকার (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া চাকরান আধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে জানান, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, তার স্ত্রীকে বাড়ির সিঁড়ির সামনে জোরপূর্বক টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করছে অভিযুক্ত।
তিনি আরও জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নুর নবী সরকার দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন এলাকায় সরস্বতী পূজার আয়োজন থাকায় অধিকাংশ মানুষ ব্যস্ত ছিলেন, সেই সুযোগে অভিযুক্ত বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment