বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, April 28, 2026

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৯

জাকার্তা-র কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ৭৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর এখনো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার গভীর রাতে জাকার্তা সংলগ্ন বেকাসি সিটি রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক আল জাজিরা ও স্থানীয় সূত্র জানায়, জাকার্তা-চিকারং কমিউটার ট্রেনের সঙ্গে ‘আর্গো ব্রোমো আংগ্রেক’ নামের একটি দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ হয়। এই ট্রেনটি মূলত জাকার্তা ও সুরাবায়া রুটে চলাচল করে।
রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা কেএআই-এর মুখপাত্র ফ্রানোটো উইবোবো জানান, একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনের ওপর থেমে যায়। ঠিক তখনই পেছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ শাফি জানান, বগিগুলো দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ধাতব কাঠামো কেটে আটকে পড়াদের বের করার চেষ্টা চলছে।
এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও ধ্বংসস্তূপের ভেতরে আরও কয়েকজন জীবিত আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

No comments:

Post a Comment

"
"