বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, April 30, 2026

মন্দিরের দেবোত্তর সম্পত্তির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলা-এ একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তির ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার সন্তোষপাড়া গ্রামে অবস্থিত বিশহরি মন্দির সংলগ্ন জমিতে ঘটে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে শ্রী রুপচাঁদ রবিদাস বাদী হয়ে থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপাড়া মৌজার একটি ১১ শতাংশ জমি মন্দিরের নামে চিরস্থায়ী দেবোত্তর সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে মন্দির কমিটি সেখানে চাষাবাদ করে আয় মন্দিরের উন্নয়নে ব্যয় করে আসছে। তবে স্থানীয় এক পক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
মন্দির কমিটির দাবি, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্তরা লাঠিসোটা ও বিষ স্প্রে মেশিন নিয়ে জমিতে প্রবেশ করে রোপণকৃত ধানে আগাছানাশক প্রয়োগ করে। এতে প্রায় ৪০ হাজার টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলে তারা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"