বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, May 1, 2026

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে কী ঘটেছিল? শিক্ষক অপমানের অভিযোগে তোলপাড়

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ-এ এক সিনিয়র শিক্ষককে অপমান ও জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ এপ্রিল। অভিযোগ অনুযায়ী, ওইদিন দয়াল স্যার দশম শ্রেণির একটি ক্লাস নিচ্ছিলেন। তিনি মূলত পদার্থবিজ্ঞানের শিক্ষক হলেও ক্লাসে উপস্থিত এক শিক্ষার্থী বারবার একটি বাংলা লাইনের অর্থ জানতে চাইছিল। শিক্ষক বিষয়টি বোঝাতে চেষ্টা করলেও তিনি জানান, এটি তার মূল বিষয় না হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া কিছুটা কঠিন।
তবে শিক্ষার্থীটি বারবার একই প্রশ্ন করতে থাকলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এর জেরে শিক্ষক ওই শিক্ষার্থীকে শাসন করেন।
পরবর্তীতে শিক্ষার্থী বাসায় গিয়ে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে বলে অভিযোগ করা হয়েছে। এরপর শিক্ষার্থীর বিচারপতি পিতা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই স্কুল প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করে।
পরবর্তীতে দয়াল স্যারকে বিচারপতির বাসায় ডাকা হয়। সেখানে তিনি অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হন বলে জানিয়েছেন। তার দাবি, শুধু বিচারপতি নন, পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে শিক্ষার্থীর কাছেই ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
শিক্ষকের ভাষ্য অনুযায়ী, তাকে ফৌজদারি মামলার ভয়ও দেখানো হয়। বিষয়টি পরে তিনি সহকর্মীদের জানান।
এ ঘটনায় একই প্রতিষ্ঠানের শিক্ষক হারুন অর রশিদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “অন্যায় না করেও একজন সিনিয়র শিক্ষককে শিক্ষার্থীর সামনে অপমানজনকভাবে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
ঘটনাটি নিয়ে শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, কোনো অভিযোগের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত ছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ শিক্ষকদের মর্যাদার পরিপন্থী।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

No comments:

Post a Comment

"
"