সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ এক হিন্দু কলেজছাত্রীকে প্রায় ২৫ দিন পর গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বেলি রানী ভৌমিকের মেয়ে এবং রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ৬ মে তার মা রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহের আঙুল ওঠে একই কলেজের শিক্ষক মো. রবিউল আলমের দিকে। তিনি ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা। জিডি দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীর অবস্থান শনাক্তের চেষ্টা চালায় এবং জানতে পারে পলি কুমারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী এলাকায় রয়েছেন।
পরে গত ৩১ মে গোবিন্দগঞ্জ থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একই সময়ে শিক্ষক রবিউল আলমকেও গ্রেপ্তার করে পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, "জিডি পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment