নারায়ণগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক মা ও তার তিন সন্তানের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এটি পরিকল্পিত গৃহত্যাগ এবং ধর্মান্তরের ঘটনা বলে অভিযোগ তুলেছেন স্বজনরা। শুধু একটি পরিবার ভাঙেনি, তিন নাবালক সন্তানের ভবিষ্যৎ ও ধর্মীয় পরিচয় নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
জানা গেছে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ভূঁইয়ার বাগের বাসিন্দা কিরণ সরকারের স্ত্রী লিজা সরকার গত ২২ মে বিকেলে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। স্বামী কিরণ নিজেই তাদের রিকশায় তুলে দেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে তারা কখনোই পৌঁছাননি। নিখোঁজদের মধ্যে ছিলেন লিজা সরকার, তার মেয়ে শাবনী সরকার, ছেলে গণেশ সরকার এবং ছোট মেয়ে তারা সরকার।
অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি করে এবং সামাজিক মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করে। কিন্তু কিছু দিনের মধ্যেই ঘটনার ভিন্ন চিত্র বেরিয়ে আসে।
পরিবারের অভিযোগ, লিজা সরকার তার দেবরের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে বাড়ি ছেড়েছেন। অভিযুক্ত ব্যক্তি প্রায় ১০ বছর আগে ধর্মান্তরিত হয়েছিলেন বলে দাবি পরিবারের। বর্তমানে লিজা তিন সন্তানসহ তার কাছেই অবস্থান করছেন বলে জানা গেছে।
স্বজনদের বক্তব্য, বিষয়টি একজন প্রাপ্তবয়স্ক নারীর ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এর সঙ্গে তিনটি নাবালক শিশু জড়িত। তাদের ধর্মীয় পরিচয়, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশুদের সম্মতি ও ভবিষ্যৎ বিবেচনা না করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কতটা নৈতিক, সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে। ধর্মান্তর প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের ভূমিকা ও দায়বদ্ধতা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের মতে, নাবালকদের ভবিষ্যৎ রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা জরুরি।
.jpeg)

No comments:
Post a Comment