রাজবাড়ী প্রতিনিধি: দুর্গাপূজা সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার বানিবহের বড়বাজার দুর্গামণ্ডপে দেবী দুর্গা ও সরস্বতীর প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মণ্ডপের ভেতর থেকে কোদাল আনতে গেলে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডু জানান, ঘটনার সময় মণ্ডপের বাইরে তালা লাগানো ছিল। প্রতিমা ভাঙার ধরন দেখে তাদের ধারণা, বাইরে থেকে কোনো ব্যক্তি লাঠি দিয়ে খোঁচা মেরে প্রতিমার মুখ ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়বাজার দুর্গামণ্ডপে প্রায় ১৫০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। দীর্ঘদিনের এই পূজামণ্ডপে উৎসবের আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডু।
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment