ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী Asha Bhosle আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শিল্পীর ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোসলে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।
দীর্ঘ আট দশকের বেশি ক্যারিয়ারে Asha Bhosle ভারতীয় সংগীতের অন্যতম বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। হিন্দি ছাড়াও একাধিক ভারতীয় ও বিদেশি ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন তিনি।
শাস্ত্রীয়, লোকসংগীত, গজল, পপসহ বিভিন্ন ধারার সংগীতে সমান দক্ষতা দেখিয়ে তিনি অর্জন করেন অনন্য জনপ্রিয়তা। কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।
দীর্ঘ সময় ধরে ভারতীয় সংগীতাঙ্গনে প্রভাব বিস্তার করা এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল।

No comments:
Post a Comment