পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চার যুবক। পরে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবির তথ্যমতে, বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকায় একটি টহল দল অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন যুবক সেখানে প্রবেশ করলে তাদের থামার সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে তারা মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাহাড়ি পথে পালিয়ে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment