টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক কথিত চীনা যুবকের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তা প্রেমে রূপ নেয়। এই সম্পর্কের সূত্র ধরে ওই যুবক বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলে আসে।
রোববার বিকেলে ওই দুই যুবক নিজেদের চীনা নাগরিক দাবি করে ওই নারীর সঙ্গে বিয়ের জন্য গ্রামে উপস্থিত হয়। তবে তাদের আচরণে অসংগতি লক্ষ্য করে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা নিজেদের বিদেশি প্রমাণ করতে লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখায়।
কিন্তু কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ায় সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে পরিস্থিতি বুঝে ওই দুই যুবক একটি প্রাইভেটকারে করে এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর ওই গৃহবধূকে নিরাপত্তার স্বার্থে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী জানান, যুবকদের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা বিভিন্ন কাগজপত্র দেখালেও সঠিকভাবে নিজেদের পরিচয় দিতে পারেনি। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি পুলিশের নজরে রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।
.jpeg)
No comments:
Post a Comment