বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, August 26, 2026

চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ

চাঁদপুর শহরের মদিনা মার্কেটের ‘এসকে শিল্পালয়’-এর মালিক পিন্টু দাসসহ তাঁর স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম—একই পরিবারের চার সদস্য নিখোঁজ হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, পিন্টু দাস চাঁদপুর শহরে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং স্বর্ণ বন্ধক রেখে অর্থ দেওয়ার ব্যবসা করতেন। সম্প্রতি তিনি বিভিন্ন পাওনাদারের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং এক ব্যক্তি তাঁকে হুমকি-ধমকি দিচ্ছিলেন। স্বজনদের ধারণা, এর জেরেই তিনি সপরিবারে আত্মগোপনে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টু দাসের কাছে স্বর্ণ বন্ধক রেখে অর্থ নিয়েছিলেন অনেক গ্রাহক। কয়েকজনের অভিযোগ, তিনি স্বর্ণের বাজারমূল্যের তুলনায় কম টাকা দিতেন এবং পরে স্বর্ণ ফেরত দিতে নানা অজুহাত দেখাতেন।

রঘুনাথপুরের রাসেল খান দাবি করেন, তিনি আড়াই ভরি স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় বন্ধক রেখেছিলেন। পরে টাকা ফেরত দিয়ে স্বর্ণ নিতে গেলে পিন্টু দাস তাকে পরদিন আসতে বলেন। এরপর তিনি জানতে পারেন, পিন্টু দাস স্ত্রী-সন্তানসহ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, পিন্টু দাসের মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। কুমিল্লা ও মুদাফফরগঞ্জ এলাকায় তাঁর আত্মীয়স্বজন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখে তাদের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"