বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, May 2, 2026

অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ, ফটিকছড়িতে নতুন গৃহ হস্তান্তর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতনী মুচকি হাসি পরিবার’। উপজেলার বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়ায় সংগঠনটির অর্থায়নে নির্মিত একটি নতুন গৃহের উদ্বোধন ও গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় স্বর্গীয় পরিতোষ দে’র পরিবারের জন্য নির্মিত নিরাপদ এই আবাসন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে কষ্টে থাকা পরিবারটির জন্য এই গৃহ নির্মাণ যেন নতুন জীবনের সূচনা হয়ে এসেছে।
নবনির্মিত গৃহের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রোটানিয়ান জুয়েল চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে মাঙ্গলিক প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সনাতন সেবা সংঘের সভাপতি ডা. মিল্টন দে ছোটন, সাধারণ সম্পাদক শিক্ষক বাবলা কুমার দে এবং সংগঠনের সদস্য মিথুন ধর ও সুব্রত দে শুভ। শ্রী অন্তু দাশগুপ্তের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্য ও সংগঠকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই সংগঠনের প্রধান লক্ষ্য। একটি গৃহহীন পরিবারকে স্থায়ী আবাসন উপহার দিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ উপকারভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন এই গৃহ পেয়ে পরিবারটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বপ্ন পূরণের অনুভূতি ব্যক্ত করেন।
এই উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং মানবিক কর্মকাণ্ডে অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

"
"