মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামাদুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ অনুযায়ী, গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে রতন মন্ডলের সঙ্গে প্রতিবেশী মৃত হারুনুর রশিদ দেওয়ানের ছেলে ইমরান দেওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত রোববার (৩ মে) ভোরে ইমরান দেওয়ান ও তার সহযোগীরা রতন মন্ডলের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় ঘরে ভাঙচুর চালানো হয় এবং বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন রতন মন্ডলের বৃদ্ধ মা আরতি রানী মন্ডল (৭০), ছেলে মিতিল মন্ডল (১৮) এবং স্ত্রী প্রিয়াঙ্কা রানী মন্ডল (৩৬)। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ঘরের আসবাবপত্র নষ্ট করে এবং পরিবারটিকে দেশত্যাগের হুমকিও দেয়।
ভুক্তভোগী রতন মন্ডল জানান, তিনি থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি।
অন্যদিকে অভিযুক্ত ইমরান দেওয়ান দাবি করেছেন, তিনি কমল মন্ডলের কাছ থেকে বৈধভাবে জমিটি ক্রয় করেছেন এবং সেই সূত্রে তিনি জমির মালিক। তার বক্তব্য অনুযায়ী, পূর্বেও রতন মন্ডলকে জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা তা মানেননি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment