বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, May 2, 2026

মুন্সিগঞ্জে দেড় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

মুন্সিগঞ্জ, ১ মে ২০২৬: মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি আন্তর্জাতিক পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। উদ্ধার হওয়া এই বিরল প্রত্নসম্পদের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া অভিযানে তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন ও মূল্যবান প্রত্নসম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন তারা। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটিও বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তারা জানিয়েছেন।
র‍্যাব জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, এমন অভিযান দেশের প্রত্নসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পাচারচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

 

No comments:

Post a Comment

"
"