ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক হিন্দু মৎস্যচাষীর চারটি মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী অনিমেষ সরকার।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোরে ঘেরে গিয়ে অনিমেষ সরকার দেখতে পান, চারটি ঘেরের পানিতেই অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ঘেরের পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে।
ভুক্তভোগী অনিমেষ সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, মাছ চাষই ছিল তার পরিবারের একমাত্র জীবিকা। দীর্ঘদিনের পরিশ্রম আর বিনিয়োগে গড়া ঘেরগুলোতে এমন পরিকল্পিত নাশকতায় তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরেই তার এই ক্ষতি করা হয়েছে।
এক রাতেই এত বড় ক্ষয়ক্ষতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত অনিমেষ সরকার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।
স্থানীয় মৎস্যচাষীরা বলছেন, এ ধরনের নাশকতামূলক ঘটনা শুধু একজন চাষীর ক্ষতি নয়, পুরো এলাকার মৎস্যচাষীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment