বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 26, 2026

সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমে চুরি ও ভাঙচুরের অভিযোগ, কমিটির দুই সদস্য আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে চুরি ও ভাঙচুরের পর পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পৃথক ঘটনায় আশ্রম পরিচালনা কমিটির দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি।

কমিটি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত আশ্রমে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে আশ্রমের অফিসের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন মালামাল ও ড্রয়ারে থাকা নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এর পরদিন শুক্রবার বিকেলে কয়েকজন ব্যক্তি আশ্রমে প্রবেশ করে পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ধারণ করতে গেলে সেখানে উপস্থিত এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমান পরিচালনা কমিটির নেতারা দাবি করেছেন, পূর্ববর্তী কমিটির আর্থিক হিসাব-নিকাশ ও বিভিন্ন অনিয়ম নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, বহিষ্কৃত পক্ষের লোকজনই চুরি ও হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় ওই পক্ষের দুই সেবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তারা জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পূর্ববর্তী কমিটির বহিষ্কৃত দুই সেবক। বর্তমান কমিটির কর্মকাণ্ড নিয়ে তাদের অসন্তোষ থাকলেও চুরি বা হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা তারা নাকচ করেছেন।

এ ঘটনায় জগন্নাথ আশ্রমের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির নেতারা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"