তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ কিংবা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, অথবা রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য। জনগণ যতদিন তা কল্যাণকর মনে করবে, ততদিন সেই দল বা মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।’
আগের নির্বাচনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যারা বহুদিন নৌকা মার্কায় বা অন্য কোনো মার্কায় ভোট দিয়েছেন, তারা বিশ্বাস করেছেন যে এটা আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক অধিকারের জন্য করা উচিত। তাহলে আপনারা কোনো ভুল করেননি। যেমন গত নির্বাচনে আপনারা নিজেদের প্রয়োজন ও স্বার্থে ধানের শীষে ভোট দিয়েছেন।’
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভ ও সদস্যসচিব লিমন কৃষ্ণ সাহা কানু প্রমুখ।
.jpeg)
No comments:
Post a Comment