নেপালের দক্ষিণাঞ্চলে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার ভারতের সীমান্তঘেঁষা সুনসারি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে উচ্চশব্দে সঙ্গীত বাজানো ও ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি ছোড়ে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজন নিহত হন।
পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়লে প্রশাসন সুনসারিসহ আশপাশের এলাকায় কারফিউ জারি করে। তবে কারফিউ চলাকালেও বৃহস্পতিবার সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
পরিস্থিতির অবনতি হওয়ায় সুনসারি, সপ্তারি, সিরাহা, ধনুষা ও পারসা জেলায় কারফিউ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক ভিডিও বার্তায় সকল ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল ও নাগরিকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, সংঘর্ষের কারণ ও হতাহতের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু তথ্যের পার্থক্য রয়েছে। নেপাল সরকার বিষয়টির তদন্ত করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
.jpeg)
No comments:
Post a Comment