জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংখ্যালঘু সম্প্রদায়কে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পকেটে না গিয়ে সব দলের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন। শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে ওই দলের যাবতীয় অপরাধ ও অপকর্মের দায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিতে হয়।’ তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে, যাতে তারা দেশে নিরাপদ বোধ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই এর রূপ ছিল অসাম্প্রদায়িক এবং এতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তিনি জানান, এই অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৯ জন শহীদ হয়েছেন।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার সবসময় রাজনীতিতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করত। ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে তারা নিজেদের অসাম্প্রদায়িক এবং বিরোধীদের সাম্প্রদায়িক হিসেবে চিত্রিত করার চক্রান্ত করত।’
আন্দোলন-পরবর্তী প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভ্যুত্থানের পর মাদরাসার শিক্ষার্থীরা নিজ উদ্যোগে মন্দির পাহারা দিয়েছে, যা সংকটে সংহতির অনন্য দৃষ্টান্ত। তবে তিনি বলেন, ‘আমরা চাই না মন্দির পাহারা দেওয়ার পরিস্থিতি তৈরি হোক।’
বিগত সময়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও জমি দখলের ঘটনার বিচারের দাবি জানিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
সংখ্যালঘুদের প্রতি নাহিদ ইসলাম বলেন, ‘সবার অধিকার নিশ্চিতের জন্য আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছি। গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং স্বাধীন-নিরপেক্ষ বিচার ব্যবস্থার সুফল সবাই পাবে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আবারও রাজনীতিতে বিরোধী দল দমনের পুরোনো পরিবেশ ও ভীতি দেখতে পাচ্ছি।’ তিনি সবার প্রতি আহ্বান জানান, বর্তমান সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে এবং সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে।

No comments:
Post a Comment