বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, August 2, 2026

আজ বিশ্ব বন্ধু দিবস বন্ধু আমার

‘বন্ধুত্ব প্রতিভার চেয়েও বড়, সরকারের চেয়েও বেশি, আর প্রায় পরিবারের সমান গুরুত্বপূর্ণ’—মারিও পুজোর এই উক্তি হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু যাদের অন্তত একজন ভালো বন্ধু আছে, তারা জানেন এটি কতটা সত্য। আইনস্টাইনও বলেছিলেন, সত্যিকারের ভালোবাসা যতই বিরল হোক, সত্যিকারের বন্ধুত্ব তার চেয়েও বিরল।

জন্ম থেকেই আমরা মা, বাবা, ভাই-বোন, স্বজন—এই সম্পর্কের ভূগোলে প্রবেশ করি। কিন্তু একদিন, প্রায় অজান্তেই, সেই ভূগোলে আসে এমন একজন মানুষ, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ যার কাছে নিজের জীবনের অনেক অপ্রকাশিত কথার ঠিকানা খুঁজে পাওয়া যায়। তাকেই আমরা বলি বন্ধু।

বন্ধুত্বের কোনো জন্মসনদ নেই, নেই কোনো উত্তরাধিকার, নেই সামাজিক চুক্তির বাধ্যবাধকতা। তাই মানুষের তৈরি সম্পর্কগুলোর মধ্যে বন্ধুত্বই সবচেয়ে স্বাধীন, আবার সবচেয়ে গভীর। আমরা বন্ধুকে বেছে নিই—কখনো একটি বেঞ্চে পাশাপাশি বসে, কখনো একই বইয়ের ভেতর দিয়ে, কখনো একই স্বপ্নে, কখনো নিছক একটি হাসিতে।

দার্শনিকরা বন্ধুত্বের সংজ্ঞা খুঁজেছেন, সাহিত্যিকরা তার গল্প লিখেছেন। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-তে ভাই-বোন অপু-দুর্গার সম্পর্কের মধ্যেও বন্ধুত্বের উপস্থিতি। আবার ‘গুপী গাইন বাঘা বাইন’-এ দেখা যায় সমাজের বাইরে পড়া দুই মানুষ একে অপরকে খুঁজে পেয়েছে বন্ধুত্বে। এরিস্টটল বন্ধুকে দেখেছেন ‘নিজেরই অন্য সত্তা’ হিসেবে এবং বন্ধুত্বকে মানুষের সুখী জীবনের অপরিহার্য অংশ বলে অভিহিত করেছেন। রোমান পণ্ডিত সিসেরোর মতে, সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয় বিশ্বাস, চরিত্র, পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিক সামঞ্জস্যের ভিত্তিতে।

বন্ধুত্বের এই চিরন্তন সম্পর্ককে মূল্যায়ন করতে প্রতি বছর আগস্টের প্রথম রোববার বাংলাদেশে পালিত হয় বন্ধুত্ব দিবস। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদ ৩০ জুলাইকে বিশ্ব বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বন্ধু শুধু আনন্দের সঙ্গী নয়; সে আমাদের বোকামি, ব্যর্থতা, ভয়, স্বপ্ন, পরাজয় এবং ফের উঠে দাঁড়ানোর সাক্ষী। মুহাম্মদ আলী বলেছিলেন, ‘বন্ধুত্ব এমন এক জিনিস, যার ব্যাখ্যা দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কিন্তু তুমি যদি বন্ধুত্বের অর্থই না শেখো, তাহলে তুমি কিছুই শেখোনি।’

রবীন্দ্রনাথ বন্ধুত্ব ও ভালোবাসার পার্থক্য তুলে ধরে লিখেছেন, ‘বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোষাকি।’ অন্যদিকে আলবেয়ার কামু বলেছেন, ‘ফ্রেন্ডশিপ ইজ আ ফর্ম অফ লাভ’। আর ফরাসি সাহিত্যিক মনটেইন প্রশ্ন করেছেন, ‘কেন আমরা কোনো কোনো মানুষকে এত গভীরভাবে ভালোবাসি যে, সেই ভালোবাসার কারণও ব্যাখ্যা করতে পারি না?’

বন্ধুত্ব হয়তো কোনো সংজ্ঞায় ধরা দেয় না, তবুও পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি এটি। কারণ বন্ধুই আমাদের অজানা পৃথিবী আবিষ্কারের সাহস দেয়, পাশে থাকে। বন্ধুত্বের জয় হোক।

 

No comments:

Post a Comment

"
"