খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষপাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের সাতটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা পূজার সামগ্রী, দানবাক্সের নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার (৭ আগস্ট) সকালে মন্দিরের পূজারী দেবলা ঘোষ পূজা দিতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা এবং ভেতরের সব মালামাল তছনছ। বিষয়টি জানাজানি হলে মন্দির কমিটি ও স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।
এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র ঘোষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা ও পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।’
পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবির জানান, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।’
এদিকে, ধর্মীয় প্রতিষ্ঠানে এই চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও ভক্তরা। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার এবং পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment