বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের দান বাক্স ভেঙে টাকা এবং বিভিন্ন পূজার সামগ্রী চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাতে পূজা-অর্চনা শেষে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দান বাক্স ভাঙা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় একটি মূর্তিও মন্দিরে পাওয়া যাচ্ছিল না।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পাওয়া যায় বলে জানান পুরোহিত।
মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কাসার ঘণ্টা, ত্রিশূল, কাসার কাঁসি, কাসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী। একই সঙ্গে দান বাক্সে থাকা টাকাও নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment