বর্তমান বিদ্যুৎ সংকটের ধারাবাহিকতায় দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারের এই উদ্যোগ ও সার্বিক বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেছে সাহেবের কবরখানা দুর্গাপূজা কমিটি। ঐতিহ্যবাহী এই পুজো কমিটি তাদের ১২৯ বছরের দীর্ঘ লালিত প্রথা অনুযায়ী নির্ধারিত ঝাকঝমকপূর্ণ আলোকসজ্জার বহর এক ধাক্কায় অর্ধেকে নামিয়ে এনেছে।
পুজো কমিটির কর্তারা জানান, ঐতিহ্য রক্ষা করা যেমন তাদের দায়িত্ব, তেমনই বর্তমান জাতীয় সংকটকালে বিদ্যুৎ সাশ্রয়ে সাড়া দেওয়া নাগরিক হিসেবে অত্যন্ত জরুরি। দীর্ঘ ১২৯ বছর ধরে চেনা উজ্জ্বল ও জাঁকজমকপূর্ণ আবহে পূজা উদযাপিত হয়ে আসলেও, এই বছর উদ্ভূত বিদ্যুৎ সংকট মোকাবিলায় তাঁরা পরিমিত ও প্রয়োজনীয় আলোকসজ্জার পথ বেছে নিয়েছেন।
কমিটির এই সময়োপযোগী ও দায়িত্বশীল সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দেশের সংকটের সময়ে বিদ্যুৎ সাশ্রয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উৎসবের আনন্দের সঙ্গে সামাজিক ও জাতীয় দায়িত্ববোধের সমন্বয় ঘটিয়ে সাহেবের কবরখানা পূজা কমিটি একটি সুন্দর দৃষ্টান্ত তৈরি করেছে।” আনন্দের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ লালন করার এমন উদ্যোগ অন্যান্য পুজো কমিটিগুলোর জন্যও একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।
.jpeg)
No comments:
Post a Comment