নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল আনার অভিযোগে চারজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জ্বালানি তেল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। উদ্ধার করা জ্বালানির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা।
এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) ও মো. ফয়েল (১৯)।
জব্দ করা জ্বালানি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment