চট্টগ্রামের রাউজান উপজেলা–এর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসুদেব বিশ্বাস বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এতে একে একে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর, আসবাবপত্র এবং বহু বছরের কষ্টার্জিত সম্পদ।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমিরা, গুরুত্বপূর্ণ জমির দলিল, মজুত রাখা চালসহ ঘরের প্রায় সব মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। রক্ষা পায়নি শিক্ষার্থীদের বইপত্র ও শিশুদের ব্যবহৃত বাইসাইকেলও।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে শুধু গায়ের কাপড় নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাড়িকে গ্রাস করে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্বপন বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, বিজয় বিশ্বাস ও আরেক স্বপন বিশ্বাসের পরিবার। বর্তমানে তারা খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের সহায়তায় সাময়িক আশ্রয়ের ব্যবস্থা হলেও খাদ্য, পোশাক ও প্রয়োজনীয় নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বহু বছরের সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গেছে। এখন নতুন করে ঘর তৈরি কিংবা স্বাভাবিক জীবনে ফেরার মতো সামর্থ্য তাদের নেই। বিশেষ করে শিশুদের পড়াশোনার বইপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো আরও দুশ্চিন্তায় পড়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সর্বস্ব হারানো পরিবারগুলো সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন, যাতে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারেন।
.jpeg)
No comments:
Post a Comment