বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, May 4, 2026

রামগঞ্জে সোনার দোকানে চুরি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি সোনার দোকানের শাটারের তালা ভেঙে সিন্দুক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত এক নৈশপ্রহরীর মরদেহ চাঁদপুরের হাজীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে পৌর শহরের পাটবাজার এলাকায় ‘নিউ আপন শিল্পালয়’ নামের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সোনা-রূপার অলংকারসহ পুরো সিন্দুক নিয়ে যায়।
শনিবার সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশে হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি ওই বাজারের নৈশপ্রহরী ফরিদ (৪৪)। তিনি রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা এবং বাজারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরির ঘটনা দেখে ফেলায় দুর্বৃত্তরা ফরিদকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, বাজারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা মাইক্রোবাসে করে চোরের দল ঘটনাস্থলে আসে। তাদের সংখ্যা ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক রূপন শীল জানান, চোরেরা তার দোকান থেকে সোনা ও রূপার অলংকারসহ সিন্দুক নিয়ে গেছে। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে এবং নৈশপ্রহরী হত্যার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে। বাজারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

No comments:

Post a Comment

"
"