বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 25, 2026

ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

দেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি গাইবান্ধার পলাশবাড়ীতে রাম ও বিষ্ণুমূর্তি নির্মাণ ইস্যুতে সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, সংবিধানের ২৭ ও ৪১ অনুচ্ছেদে সকল নাগরিকের সমান অধিকার এবং নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে রামচন্দ্র ও বিষ্ণুমূর্তির নির্মাণকাজকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতি এবং রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সংগঠনটি জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের বরাত দিয়ে উল্লেখ করে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য গ্রহণযোগ্য নয়। তাই ধর্মীয় উপাসনালয়, দেব-দেবীর প্রতিকৃতি ও ধর্মীয় প্রতীকের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় আন্তরিক হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

No comments:

Post a Comment

"
"