বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 26, 2026

ধর্মকে ব্যবসা নয়, মন্দির-মসজিদের পাশাপাশি থাকায় ‘অসুবিধা কী’— সংসদে ফজলুর রহমান

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ধর্মকে ব্যবসার হাতিয়ার না বানিয়ে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে হবে। মন্দির নির্মাণে তার কোনো আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, "ওরা মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব। অসুবিধা কী? একসঙ্গে কি আমরা থাকব না?"
বৃহস্পতিবার (২৫ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, "তাদের পোশাক দেখলেই চিনতে পারি তারা কারা। এরা এখন সংখ্যায় বেড়ে গেছে, কোনো সভ্যতা-সংস্কৃতি মানতে চায় না, ধর্মকে শুধু ব্যবসা হিসেবে নিচ্ছে।"
তিনি আরও বলেন, সরকার চাইলে মন্দির বা মূর্তি নির্মাণ বন্ধ করতে পারে, কিন্তু তার ব্যক্তিগত অবস্থান ভিন্ন। "আমি মুসলমান, আমার কী আসে-যায়? ৩০০ মন্দির-মূর্তি বানাক, আমি তো ওদিকে তাকাই না। প্রয়োজনে আমি ২৫ তলা মসজিদ বানাবো।" পীর-মাজার প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, "কুষ্টিয়ায় কুপিয়ে, ফরিদপুরে আগুন জ্বালিয়ে মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙতে চার কোটি টাকা ঘোষণা করলেন কেন? মাজার থাকবে, আপনি ইচ্ছা হলে যাবেন, না হলে যাবেন না।"
নিজের শৈশবের গ্রামীণ সম্প্রীতির স্মৃতি তুলে ধরে ফজলুর রহমান বলেন, সমাজকে মধ্যযুগের বর্বরতার দিকে ঠেলে দেওয়া যাবে না। মেসি-রোনালদোর প্রীতি ম্যাচ আর জাতীয় সংসদের বিতর্কের খেলা নিয়েও সমালোচনা করে তিনি মন্তব্য করেন, "পার্লামেন্টে যে গেম হচ্ছে, এভাবে চলতে থাকলে মাঠ একদিন খালি পড়ে থাকবে।" ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

No comments:

Post a Comment

"
"