বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 25, 2026

মহেশখালীর আদিনাথ মন্দিরে ‘মিনি কাশ্মীর’ অপপ্রচার রুখতে প্রশাসনের যৌথ অভিযান

কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির সংলগ্ন পাহাড় ঠাকুরতলা এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ অভিযান চালিয়েছে মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ। বুধবার পরিচালিত এ অভিযানে কয়েকজনকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয় এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়া হয়।
মন্দিরের দায়িত্বরত রুবেল সরকার ও প্রণয় ঘোষ জানান, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ‘মিনি কাশ্মীর’ নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও হয়রানি ও শ্লীলতাহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। তারা এ অপপ্রচার ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা আরও বলেন, আদিনাথ মন্দির একটি পবিত্র ধর্মীয় স্থান। এর মর্যাদা ও দেবোত্তর সম্পত্তির নিরাপত্তায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। ইতোমধ্যে অননুমোদিত প্রবেশ রোধে পাহাড় এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ধর্মীয় স্থানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি রাখা জরুরি।

No comments:

Post a Comment

"
"