দেশে গত কয়েক মাসে খুন, ধর্ষণ, মব সহিংসতা, গণপিটুনি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সারা দেশে খুনের ঘটনায় ১,৪৫২টি মামলা হয়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ৭,৯১০টি, অপহরণের ৪৩৭টি এবং চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৪,৯১২টি। আগের বছরের একই সময়ের তুলনায় খুনের মামলা কিছুটা কমলেও নারী নির্যাতন, মব সহিংসতা ও গণপিটুনি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে, প্রথম পাঁচ মাসে ১৯৮টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলার অবনতি চরমে পৌঁছায়। বর্তমান সরকারের আমলে পরিস্থিতির আংশিক উন্নতি হলেও র্যাব ও পুলিশের ওপর হামলা, প্রকাশ্যে গুলি করে খুন এবং কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার রোধ করা যাচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুর, নিউমার্কেটের মতো এলাকাগুলো প্রকাশ্য অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হকের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থার ঘাটতি এবং দুর্বল তদন্ত ব্যবস্থা অপরাধীদের উৎসাহিত করছে। অনেক সময় পুলিশ সদস্যরা বাধার মুখে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়েই ফিরে আসছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষজ্ঞরা অবিলম্বে মব সংস্কৃতি রোধ, নারী ও শিশু নিরাপত্তা জোরদার এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন।

No comments:
Post a Comment