সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রিন্স রায় দীপ্ত (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাদাঘাট বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রিন্স রায় তার ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
পরে সন্ধ্যার দিকে একদল উত্তেজিত লোক প্রিন্স রায়ের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, "অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু একটি চক্র বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে।"
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, "যুবককে পুলিশ হেফাজতে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
.jpeg)
No comments:
Post a Comment