বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 26, 2026

ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত, এইচআরসিবিএমের প্রতিবেদনে উদ্বেগ

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলা থেকে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ৮২৪টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের হলরুমে “Equal Citizens, Equal Justice” শীর্ষক জাতীয় সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড় প্রতিবেদনে তুলে ধরেন, নথিভুক্ত ঘটনার মধ্যে রয়েছে ২৩৪টি ভূমি দখল, সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগ; ২২৩টি অপহরণ ও শারীরিক হামলা; ১৬৮টি হত্যা ও রহস্যজনক মৃত্যু; ১৪১টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর; ৪১টি যৌন সহিংসতা, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ; এবং ১৭টি ধর্ম অবমাননাসংক্রান্ত ঘটনা।

প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার ও অন্যান্য অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে মব সহিংসতা ও ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুরের ঘটনাও বাড়ছে। অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছে; উদ্ধার হওয়া কয়েকজন যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সম্মেলনে এইচআরসিবিএম সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সত্যতা যাচাইয়ে স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন, ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়ন, মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানায়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে সংগঠনের প্রতিনিধি দলের জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সম্মেলনে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. জে. কে. পাল। বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট ইশরাত হাসান, মণীন্দ্র কুমার নাথ, ড. মোহাম্মদ আব্দুল হাই, অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন ও জয়া বর্মন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডভোকেট শঙ্কর চন্দ্র দাস।

No comments:

Post a Comment

"
"