বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 26, 2026

বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ পাবেন যারা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ভুয়া প্রোফাইল ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি সহজ হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পরিচয় যাচাই করে একটি বিশেষ ব্যাজ পেতে পারবেন।

মেটা জানিয়েছে, এই ফিচারে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য নয়। ফেসবুকের মার্কেটপ্লেস, ডেটিং বা গ্রুপের মতো প্ল্যাটফর্মে অপরিচিত কারও সঙ্গে লেনদেন বা যোগাযোগের সময় এই ব্যাজটি প্রোফাইলের সত্যতা নিশ্চিত করবে, যা প্রতারণার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কীভাবে পাবেন এই ব্যাজ?

ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। ফেসবুকের সিস্টেম সেটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয়—এমন অ্যাকাউন্টই এই ভেরিফিকেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

কোথায় দেখা যাবে এই ব্যাজ?

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রথম পর্যায়ে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপস এবং ব্যবহারকারীর প্রোফাইলে প্রদর্শিত হবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে মেটার।

মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ ব্যবহারকারীকে ‘বিখ্যাত’ নয়, বরং ‘প্রকৃত ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করে, যা ভুয়া আইডি চিহ্নিত করতে সহায়তা করবে। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে এবং পরে তা বিশ্বব্যাপী বিস্তৃত হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল বিশ্বে প্রতারণা ও প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে ব্যবহারকারীদের সচেতনতা ও প্রক্রিয়ার কার্যকারিতার ওপর।


 

No comments:

Post a Comment

"
"