ঢাকার ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া রথখোলায় শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রার উল্টো রথ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও বিচার নিশ্চিত করবে। তিনি সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, ‘কারও কথায় কান দেবেন না। আপনারা যেন ন্যায্য পাওনা পান, সে ব্যবস্থা বিএনপি করবে।’
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উল্টো রথ টানের মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, ‘অনেকে এসে বলে থাকেন, আপনাদের নিরাপত্তা হবে না, আপনারা এ দেশে থাকতে পারবেন না। আজ আমরা এসেছি সেই কথা মিথ্যা প্রমাণ করতে। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়ী করেছেন, এখন বিএনপির পালা। আপনারা শিক্ষা, হাসপাতাল, চাকরি, সব জায়গায় ন্যায্য অধিকার পাবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা বকশিশ চাই না, হিসাবের পাওনা চাই। সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান—সব পিছিয়ে পড়া সম্প্রদায়ের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই।’
উল্টো টানে শেষ হলো রথযাত্রা
গত ১৬ জুলাই যশোমাধবকে নিজ মন্দির থেকে মাসির বাড়িতে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের রথযাত্রা। শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হওয়া এই উৎসবের আট দিন পর শুক্রবার উল্টো রথ টেনে যশোমাধবকে আবার কায়েতপাড়া রথখোলায় ফিরিয়ে আনেন ভক্তরা। এ সময় নারী-পুরুষের ঢল নামে রথের পথে এবং ভক্তরা চিনি ও কলা ছিটিয়ে ভক্তি নিবেদন করেন।
রথযাত্রা শেষ হলেও ধামরাই পৌর এলাকায় মাসব্যাপী মেলা চলবে, যেখানে খাবার, প্রসাধনী, খেলনা ও নিত্যপণ্যের প্রায় দুই শতাধিক দোকান বসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।
জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, ‘উল্টো রথের মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা শেষ হলো। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজন সফল হয়েছে। মাসব্যাপী মেলা চলবে।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, পুরো আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।
.jpeg)
No comments:
Post a Comment