বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 1, 2026

কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জেরে বৌদ্ধ বিহারে হামলা, মূর্তি ভাঙচুর

কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি বৌদ্ধ বিহারে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং চারটি তঞ্চঙ্গা পরিবারের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সরদার মং চৌধুরীর অভিযোগ, ২০০৭ সাল থেকে চলমান জমি-বিরোধের জেরে স্থানীয় নুরুল হকের নেতৃত্বে প্রায় ২০০ জনের একটি দল বন বিভাগের উপস্থিতিতে এ হামলা চালায়। তিনি বলেন, হামলাকারীরা ছেনছড়ি বৌদ্ধ বিহারে ঢুকে অন্তত তিনটি বুদ্ধমূর্তি ভাঙচুর করে এবং চারটি তঞ্চঙ্গা পরিবারের বাড়িঘরে হামলা চালায়। তিনি জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিহারের ভেতরে কয়েকটি ভাঙা বুদ্ধমূর্তি পড়ে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তঞ্চঙ্গা পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে চাকমা-তঞ্চঙ্গা স্টুডেন্ট কাউন্সিল (উখিয়া-টেকনাফ)। সংগঠনটির সাধারণ সম্পাদক নেপাল চাকমা বলেন, বৌদ্ধ বিহারে হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কক্সবাজার জেলা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানন বড়ুয়া বিশাল বলেন, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এ ধরনের ঘটনা কাম্য নয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ওসি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে জমি-বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বন বিভাগের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত নুরুল হকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীরা জানিয়েছেন, শনিবার উখিয়া থানায় মামলা করা হবে।


 

No comments:

Post a Comment

"
"