রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল নিয়ে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে বাড়িতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, ‘কারিনা মেধাবী ও ভালো ছাত্রী ছিল। ফলাফল খারাপ হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। জীবনে ব্যর্থতা আসতেই পারে, তবে তা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সবসময় থাকে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কারিনার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
.jpeg)
No comments:
Post a Comment