চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার দেওয়ারপুর গ্রামে একটি প্রতিবন্ধী পরিবারের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোমবার (৩ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেওয়ারপুর গ্রামের বাসিন্দা কালু চন্দ্র নাথ প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তিনি অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করেন। রোববার সকালে তিনি স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম শহরে একটি কাজে যান। রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে প্রতিবেশী রফিক উদ্দিন তাদের বসতঘরে হামলা চালিয়ে টিনের ছাউনি ও বেড়া ক্ষতিগ্রস্ত করেন।
ভুক্তভোগীর স্ত্রী রুপালী রানী নাথ অভিযোগ করে বলেন, ‘রাতে শব্দ শুনে বাইরে এসে দেখি রফিক উদ্দিন আমাদের ঘরে হামলা চালাচ্ছে। খবর পেয়ে আমরা এগিয়ে গেলে তিনি সহযোগীদের নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন। প্রাণভয়ে আমরা সরে যাই। পরিকল্পিতভাবে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। তাই আইনের আশ্রয় নিয়েছি।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রফিক উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জোরারগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুদ্দিন জানান, ‘বসতঘরে হামলার অভিযোগে রুপালী রানী নাথ লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
.jpeg)
No comments:
Post a Comment