গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশ থেকে পরী হাজরা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরী হাজরা ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী ছিলেন।
জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পরী হাজরা। পরে সোমবার সকালে নিজ বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছেলে মৃণাল হাজরা বলেন, ‘তিন দিন ধরে আমার মা নিখোঁজ ছিলেন। সকালে ক্ষেতের পাশ থেকে দুর্গন্ধ বের হলে এগিয়ে গিয়ে মায়ের মরদেহ দেখতে পাই। কে বা কারা আমার মাকে হত্যা করে এখানে ফেলে গেছে। মায়ের কান ও নাকে স্বর্ণালংকার ছিল, তাকে মেরে সবকিছু লুট করে নিয়ে গেছে।’
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
.jpeg)
No comments:
Post a Comment