কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় পূজা শেষে ঘরে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তাপস রায় বলেন, ‘মা একা ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় পিটিয়ে গুরুতর আহত করে। কিন্তু কেন বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।’
বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের সঙ্গে পাশের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
.jpeg)
No comments:
Post a Comment