বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, September 28, 2026

যশোরের অভয়নগরে ৯ম শ্রেণির ছাত্রী তনুশ্রী বিশ্বাস নিখোঁজ

যশোরের অভয়নগরে চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে তনুশ্রী বিশ্বাস (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপহৃত তনুশ্রী বিশ্বাস উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের অমর বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাস দম্পতির কন্যা। সে খুলনার শিরোমণি এলাকার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর (রোববার) দুপুরে নিজ বাড়ির সামনে থেকে তনুশ্রী নিখোঁজ হয়। প্রথমে তাকে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৩৯১) দায়ের করা হয়।

পরবর্তীতে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতি মাসে এক লাখ টাকার বেশি উপার্জনের লোভনীয় কাজের প্রলোভন দেখিয়ে গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে নলামারা গ্রামস্থ বাড়ির সামনে থেকে তাকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।

ঘটনার পর গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) অপহৃত তনুশ্রীর পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন—রাতুল শেখ (২১), মুজাহিদ মোল্লা (২৩), তাজউদ্দিন শেখ (৫৫), রানী বেগম (৪৫), তমা খাতুন (১৯) এবং সেকেন্দার শেখ (৪০)। আসামিদের বিরুদ্ধে পরিকল্পিত অপহরণ ও এতে সরাসরি সহায়তার অভিযোগ আনা হয়েছে।

অভয়নগর থানা পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি অপহৃত তনুশ্রী বিশ্বাসের সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে অনতিবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে (যোগাযোগ: মনীষা বিশ্বাস — ০১৭৫৬৮৫৬০৫৭)। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।


 

No comments:

Post a Comment

"
"