বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, March 18, 2026

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

 

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দীপা দাস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার রাত ৮টার দিকে শহরের ঘোষপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দীপা দাস স্বামী ও সন্তানকে একটি কক্ষে রেখে পাশের ঘরে যান। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তার স্বামী প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে দেখতে পান।
এ বিষয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাসপাতালে গিয়ে মরদেহ দেখেছেন। প্রাথমিকভাবে দাম্পত্য কলহকেই এই ঘটনার কারণ হিসেবে জানা যাচ্ছে।
নিহতের সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সওরাব জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দাম্পত্য কলহের ভয়াবহ পরিণতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


No comments:

Post a Comment

"
"