পাবনা, ৩১ জুলাই ২০২৬: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন; তার স্বামী ঢাকায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে নিহতকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনো নিশ্চিত নয়। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
.jpeg)
No comments:
Post a Comment