বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 15, 2026

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু

 চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। একের পর এক মরদেহ মর্গে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মর্গ এলাকা। নিহতদের মধ্যে একই পরিবারের দুই ভাই রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে কাজ শুরু করার পর শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাসে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস কীভাবে লিক হয়েছে এবং শিপইয়ার্ডে নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে গ্যাস লিকেজের প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থার ত্রুটি এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করা হবে।

এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না, তদন্তে সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


 

No comments:

Post a Comment

"
"