মৌলভীবাজারের কৃতী শিক্ষার্থী ঐশী নন্দী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের আট বিভাগের সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সে বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঐশী নন্দী মৌলভীবাজার সদরের গির্জাপাড়া এলাকার রতন নন্দী ও সুচনা নন্দীর কন্যা এবং শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা হওয়ার পর জাতীয় পর্যায়েও ইংরেজি কুইজে দেশসেরা হয়ে গৌরব অর্জন করেছে সে।
মা সুচনা নন্দী বলেন, "ঐশীর সাফল্যে আমরা গর্বিত। তার পরিশ্রম আর শিক্ষকদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হলো।" বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, "ঐশী আমাদের বিদ্যালয়ের গর্ব। তার একাগ্রতা ও মেধাই এই সাফল্যের মূল।" ক্ষুদে এই শিক্ষার্থীর এমন কৃতিত্বে পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে গেছে।

No comments:
Post a Comment