ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ। শনিবার (২৭ জুন) আয়োজিত এই সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যায়বিচার নিশ্চিত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি, আগামী ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা সরকার ও প্রশাসনের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। একইসঙ্গে ধর্মীয় সম্প্রীতি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
নেতৃবৃন্দ ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সনাতন সম্প্রদায় ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
.jpeg)
No comments:
Post a Comment